ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে হেলিকপ্টারে করে নেয়া হচ্ছিল—এমন তথ্য আগেই জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত তারা ওই আটক কেন্দ্রে পৌঁছেছেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। খবর বিবিসি।
এর মধ্যে হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি ম্যানহাটনের ডিইএ (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) সদর দপ্তরে ধারণ করা, যেখানে নিকোলাস মাদুরোকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হাঁটিয়ে নেয়া অর্থাৎ ‘পার্প ওয়াক’ করতে দেখা যাচ্ছে।
‘পার্প ওয়াক’ যুক্তরাষ্ট্রের একটি প্রচলিত পুলিশি সংস্কৃতি। এর পূর্ণরূপ হলো ‘পারপিট্রেটর ওয়াক’। কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর যখন পুলিশ বা তদন্তকারী সংস্থা তাকে হাতকড়া পরিয়ে প্রকাশ্যে জনসম্মুখ দিয়ে বা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে নিয়ে যায়, সেটাকে ‘পার্প ওয়াক’ বলা হয়।















