গত ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরায়েল। সে সময় হিজবুল্লাহর অবস্থান ধ্বংস আর সিরিয়ার আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের জন্য পশ্চিম ইরানের ওপর দিয়ে একটি আকাশপথ উন্মুক্ত হয়। এক বিশ্লেষনী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এতে বলা হয়, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি উপস্থাপনা দেন। এরপর ট্রাম্প পুরো হামলায় যুক্ত না হয়ে বা নিষ্ক্রিয় না থেকে বরং মাঝামাঝি পথ বেছে নেন। হামলা পরিচালনায় গোপনে ইসরায়েলকে মার্কিন গোয়েন্দা সহায়তা দেন ট্রাম্প।
প্রতিবেদনটিতে ট্রাম্পের ইরানবিষয়ক অবস্থানের সাম্প্রতিক পরিবর্তন ও তার আচরণগত দ্বিধাদ্বন্দ্বও বিশ্লেষণ করা হয়েছে। নিউইয়র্ক টাইমস বলছে, শুক্রবার সকালে ট্রাম্প ফক্স নিউজে ইসরায়েলের হামলার দৃশ্য দেখে উচ্ছ্বসিত হন। সে সময় এ সফলতায় নিজেও কৃতিত্ব দাবি করেন তিনি।
তবে বর্তমানে এ সংঘাতে ট্রাম্পের অবস্থান পাল্টে গেছে। সরাসরি যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিচ্ছেন তিনি। তার এ অবস্থান পরিবর্তনে সংঘাতের দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।















