ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট লক্ষ্য করে ডিম ও পাথর ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কৃষকরা। সস্তা আমদানি বন্ধ, বর্ধিত কর এবং নিত্যপণ্যের মৃল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে ইইউ নেতাদের কাছে আরো বেশি সহযোগিতার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ওই বিক্ষোভে টায়ারে আগুন জ্বালানোসহ আতশবাজি পোড়ানোর খবর দিয়েছে সংবাদমাধ্যম এপি। খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নিয়েছেন ইতালি, স্পেন ও ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা কৃষকরাও।

এদিকে বিক্ষোভের জেরে শহরজুড়ে যানজট ও জনভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এদিকে একই দিনে বিক্ষোভ করেছেন পর্তুগাল, গ্রিস ও জার্মানির কৃষকরাও। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইইউর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

ফ্রান্স ও ইইউ পর্যায়ে কৃষকদের জীবন আরো সহজ ও সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। তিনি বলেন, ইউরোপের সব জায়গায় এই প্রশ্ন উঠছে, কীভাবে আমরা আরো ভালো উপায়ে বেশি পণ্য উৎপাদন অব্যাহত রাখতে পারব? কীভাবে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করব? আর কীভাবেই বা অন্যান্য দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে যেতে পারব?

কৃষকদের বিক্ষোভ নিয়ে কথা বলেছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু।তিনি বলেছেন, কৃষকদের নেতিবাচকভাবে দেখাবেন না।তাদের বিরুদ্ধে সেনা লেলিয়ে দেবেন না। কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন।