চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ৮০ হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার (২৫ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, টানা ভারী বৃষ্টিপাতের ফলে দুলিউ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। পুরো রোংজিয়াং শহর এখন পানির নিচে। শহরের সড়ক, সেতু, এমনকি এসকেলেটরেও পানি উঠে গেছে।
বন্যার তীব্রতা বাড়তে থাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। দুর্গতদের জন্য খাদ্য, পানি এবং অন্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। প্রবল স্রোতের কারণে কিছু এলাকায় ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, রোংজিয়াংয়ের একটি ক্ষতিগ্রস্ত কাউন্টিতে একটি ফুটবল মাঠ ‘তিন মিটার পানির নিচে ডুবে গেছে’।
লং তিয়ান নামে এক বাসিন্দা সিনহুয়াকে বলেন, পানি খুব দ্রুত বেড়েছে। আমি উদ্ধারের অপেক্ষায় তৃতীয় তলায় ছিলাম। বিকেল নাগাদ আমাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
চীনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যাকবলিত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা পাঠাতে শুরু করেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।















