মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স ওয়াশিংটন রাজ্যের সান হুয়ান দ্বীপপুঞ্জে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সান হুয়ান কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের ডেসপাচ সেন্টার একটি প্রাথমিক প্রতিবেদন পায়। যাতে বলা হয়, পুরনো মডেলের একটি উড়োজাহাজ উত্তর থেকে দক্ষিণে উড়ছিল। তারপর জোন্স আইল্যান্ডের উত্তর প্রান্তের কাছে পানিতে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে বিধ্বস্ত উড়োজাহাজটির অনুসন্ধান শুরু করে। পরে শুক্রবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।