ইউক্রেনে সামরিক সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছরের শুরুতে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাস করতে দেরি হয়েছিল। মূলত রিপাবলিকান প্রতিনিধিরা তা আটকে দেয় বলে বাইডেন জানান। খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

শুক্রবার ফ্রান্সের প্যারিসের নরম্যান্ডিতে ডি-ডে অবতরণের ৮০তম উদযাপন অনুষ্ঠানে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ক্ষমা চান বাইডেন। এমনকি ইউক্রেনের জন্য ২২৫ মিলিয়ন ডলারের নতুন একটি সহায়তা প্যাকেজেও স্বাক্ষর করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এ প্যাকেজে গোলাবারুদ এবং বিমানবিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচএমএআরএস-এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, মর্টার সিস্টেম ও কয়েক রাউন্ড কামানের একটি বহর রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া।

বাইডেন জেলেনস্কিকে বলেন, যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে আছে। আপনি মাথা নত করেননি। একটুও নত হননি। আপনারা এমনভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যা অসাধারণ।

বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন। এ যুদ্ধ চালিয়ে যেতে আমরা যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি এবং কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছে ক্রেমলিন। তারা সতর্ক করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এ সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।