যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি জর্ডানে মার্কিন বাহিনীর ওপর মারাত্মক ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ কথা বলেন। খবর বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইটৃ হাউসে করা নিজের এই মন্তব্যের বিষয়ে অবশ্য বিস্তারিত বলেননি বাইডেন। তবে মার্কিন এই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বলেছেন: ‘আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন।’

বিবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ইরান-মিত্রদের ঘাঁটি এবং কমান্ডারদের ওপর প্রতিশোধমূলক হামলাসহ বেশ কয়েকটি অপশন রয়েছে। এছাড়া ইরাক বা সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সিনিয়র কমান্ডারদেরও টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র।

এর আগে, গত ২৭ জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার-২২ এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়। সেই হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩৪ জন। হামলার পর এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি তবে আমরা জানি যে, সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’ 

তবে বাইডেনের অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘আমরা আগেও স্পষ্টভাবে বলেছি, এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলো যুদ্ধাপরাধ ও গণহত্যার জবাব দিচ্ছে। তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের আজ্ঞাবহ নয়, তারা ইরান থেকে আদেশও নেয় না। এই গোষ্ঠীগুলো তাদের নিজস্ব নীতি ও অগ্রাধিকারের পাশাপাশি তাদের দেশ ও জনগণের স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, কাজ করে।’