ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৮৫ জন মানুষ নিহত হয়েছেন এবং আরো অন্তত ১ হাজার ৩২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস। খবর আল জাজিরা।

মানবাধিকার সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।

এই চলমান সংঘাতের সময় ইরান সরকার নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি হিসাব প্রকাশিত হয়েছিল সোমবার। সেখানে বলা হয় নিহত হয়েছেন ২২৪ জন এবং আহত ১,২৭৭ জন।

হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানিয়েছে, তারা স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যকে নিজেদের গোপন নেটওয়ার্কের মাধ্যমে যাচাই-বাছাই করে হতাহতের নির্ভরযোগ্য হিসাব তৈরি করে। উল্লেখ্য, এই একই সংগঠন ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানজুড়ে হওয়া বিক্ষোভ চলাকালেও বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেছিল।