ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামরিক হামলা চালিয়েছে বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই প্রকাশ্যে স্বীকার না করা এসব হামলার মধ্যে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি জ্বালানি পরিশোধনাগারে আক্রমণও অন্তর্ভুক্ত ছিল।

এপ্রিলের শুরুর দিকে ওই হামলা সংঘটিত হয়েছিল বলে জানিয়েছে ডব্লিউএসজে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে থাকা একাধিক দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা করে তেহরান। ওই সময় একাধিকবার আক্রান্ত হয় ইউএই। এসব ঘটনায় বস্তুগত সম্পদের ক্ষতি ছাড়াও হতাহতের খবর নিশ্চিত করে দেশটি।