আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আবারো বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন বলেন, ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্কের’ মানুষ। অন্যদিকে রোববার টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে বাইডেনকে জটিল ও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ট্রাম্প। 

শনিবার হাজার হাজার এনআরএ সদস্যের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘‌আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এ ডেমোক্র্যাট নেতার মধ্যে ভালো কিছু নেই।’

মিনোসোটা অঙ্গরাজ্যের সেইন্ট পলে দলের এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘‌স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট বাইডেন যেন ঘুড়ির মতো উড়ছিলেন। আমি এ ব্যক্তির সঙ্গেই বিতর্কে অংশ নিতে চাই। তবে এর আগে প্রেসিডেন্ট বাইডেন মাদকাসক্ত কিনা তা পরীক্ষা করা উচিত।’

ট্রাম্প বলেন, ‘‌আমি চাই না বাইডেন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় যে পরিস্থিতিতে ছিলেন ওইভাবে বিতর্কে অংশ নেন। তার মাদকের বিষয়টি পরীক্ষা করা উচিত।’

এর আগে ২০২০ সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়, ডেমোক্র্যাটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না। বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তার মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন ট্রাম্প। অবশ্য ওই সময় ট্রাম্প বা বাইডেনের কেউই মাদক পরীক্ষা করাননি।

এদিকে জর্জিয়ার একটি অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘‌আমাদের গণতন্ত্র ঠিক পথেই রয়েছে।’ ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‌আমার প্রতিপক্ষ কোনোভাবেই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নন। তিনি এরই মধ্যে হেরে গেছেন। ট্রাম্প কেবল ২০২০ সালে হেরে যাওয়ার কষ্টেই আচ্ছন্ন নন, আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয়ে রয়েছেন।’

বাইডেন আরো বলেন, ‘‌ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে নয়, প্রতিশোধ নেয়ার জন্য দৌড়াচ্ছেন। আমরা তাকে প্রেসিডেন্ট হতে দিতে পারি না। ট্রাম্প ক্ষমতায় এলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমাদেরই জিততে হবে ও তা আমার জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য।’

দুজনের এমন বাগ্‌যুদ্ধের মধ্যে নির্বাচন সামনে রেখে ২৭ জুন এবং ১০ সেপ্টেম্বরের দুই বিতর্ক অত্যন্ত উত্তেজনাকর মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। বিতর্কটি উপস্থাপনা করবেন জেক ট্যাপার ও ডানা ব্যাশ। ট্রাম্প অবশ্য জেক ট্যাপারের ব্যাপক সমালোচনা করেছেন।

মার্কিন নির্বাচন সামনে রেখে দ্বিতীয় বিতর্কটির আয়োজন করছে সংবাদমাধ্যম এবিসি। আগামী ১০ সেপ্টেম্বর এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে অংশ নেয়ার জন্য ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়। দুই প্রার্থীই সে আমন্ত্রণ গ্রহণ করেছেন।