ব্রিটেনে সাজাপ্রাপ্ত অপরাধীরা এখন থেকে শুধু কারাগারেই নয়, সমাজে থেকেও কঠোর সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, তাদের ওপর পানশালা, কনসার্ট কিংবা ফুটবল ম্যাচের মতো ক্রীড়া আসরে প্রবেশ নিষিদ্ধ করার মতো শাস্তি আরোপ করা হবে। খবর রয়টার্স।
পশ্চিমা ইউরোপের মধ্যে বর্তমানে ব্রিটেনে কারাবন্দিদের হার সবচেয়ে বেশি। কারাগারের ভিড় সামলাতে সরকারকে আগেই বন্দিদের আগাম মুক্তি দেয়ার মতো পদক্ষেপ নিতে হয়েছে। এবার বিচারকদের হাতে আসছে নতুন ক্ষমতা—যেখানে তারা অপরাধীদের ওপর ড্রাইভিং নিষেধাজ্ঞা, ভ্রমণ সীমাবদ্ধতা বা নির্দিষ্ট এলাকায় থাকার নিয়ম চাপিয়ে দিতে পারবেন।
ব্রিটিশ বিচারমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘অপরাধীরা যখন সমাজের নিয়ম ভাঙে, তখন তাদের শাস্তি পেতেই হবে। কারাগারের বাইরে থেকেও তাদের স্বাধীনতা সীমিত করতে হবে।‘
এখন পর্যন্ত শুধু স্টেডিয়ামের ভেতরে অপরাধ করলে ফুটবল ম্যাচে নিষেধাজ্ঞা দেয়া যেত। নতুন আইনে যেকোনো অপরাধেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। ফলে ছোটখাটো অপরাধেও অপরাধীরা পানশালা বা কনসার্টে যাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।
জেল থেকে ছাড়া পাওয়া বন্দিরাও এর বাইরে থাকছেন না। তাদের ওপরও বাধ্যতামূলক মাদক পরীক্ষা এবং বিভিন্ন সামাজিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নিয়ম ভাঙলে আবারও আদালতে ডাকা হবে অথবা ফের কারাগারে পাঠানো হতে পারে।
সরকার বলছে, এই উদ্যোগ অপরাধ কমানোর পাশাপাশি বিপজ্জনক অপরাধীদের জন্য পর্যাপ্ত কারাগার জায়গা নিশ্চিত করবে।










