ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছেলেদের পিজি ছাত্রাবাসের বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৪০ থেকে ৫০ শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য হিন্দুস্তান টাইমস।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ), জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি), সিটিএস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চালাচ্ছেন।

এ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ থেকে ৭ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, আজ দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে এ দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ ক্যাম্পাস থানায় একটি পিসিআর কল আসে। ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, ভবন ধসের সময় সেখানে প্রায় ৪০ থেকে ৫০ শিক্ষার্থী থাকতে পারেন।

বার্তা সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, পাঁচতলা ভবনটির নাম ছিল ‘হোস্টেল ডেজ’ এবং এটি ছেলেদের জন্য নির্ধারিত পিজি হিসেবে ব্যবহৃত হতো।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, পাশের ভবনটিও ধসে পড়েছে। কক্ষে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। নিবন্ধন নথি যাচাই না করা পর্যন্ত ঠিক কতজন আটকা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যাবে না। অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।