ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা সাড়ে ২৮ হাজার অতিক্রম করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত একদিনে গাজার অন্তত ১১ স্থানে হামলা চালিয়েছে তেল আবিব। এতে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে বহু মানুষ। খবর আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানিয়েছে, গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ১০৩ ফিলিস্তিনি। এতে হামলার ১৩১তম দিনে উপত্যকাটির প্রাণহানি পৌঁছেছে ২৮ হাজার ৫৭৬ জনে। অন্যদিকে একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৯১ জনে। মন্ত্রণালয়টি জানিয়েছে শেষ একদিনে আইডিএফের হামলায় আহত হয়েছেন ১৪৫ জন।

আনাদোলু বলছে, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এ অঞ্চলে প্রবেশ করছে।