ইরানে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ৬০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও পারমাণবিক অস্ত্র-সংশ্লিষ্ট স্থাপনায় এ হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
আইডিএফ বলছে, হামলায় প্রায় ১২০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষবস্তু ছিল। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরসেবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মাইক্রোসফট অফিসের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। এতে কিছু আবাসিক ভবনে ক্ষতি হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, ইরান আবারও গ্যাভ-ইয়াম উন্নত প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে।
ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।















