ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর  রয়টার্স ও  আল জাজিরা। 

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়া এবং ইরাকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে মিডিয়াতে আসা রিপোর্ট নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। জর্ডানের প্রত্যন্ত সেই মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের এটিই প্রথম প্রতিশোধমূলক কোনও হামলা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছেন, শুক্রবারের হামলায় ইরাক ও সিরিয়ার মধ্যে সাতটি অবস্থানের এসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে। এদিকে, এক বিবৃতিতে বাইডেন বলেন, ‌‘আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হলো। আমাদের পছন্দমতো সময়ে ও জায়গায় এটি চলতে থাকবে।’

গত রোববার জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছিলেন। পরে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গ্রুপ। সেই হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র বলেছিল যে, এর সামরিক জবাব দেয়া হবে এবং প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের মতো মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, এই প্রতিক্রিয়া একাধিকভাবে হবে। সুতরাং পাল্টা এই হামলা খুব ভালোভাবে মার্কিন প্রতিক্রিয়ার প্রথম পর্যায় হতে পারে। মূলত সেই প্রতিশোধমূলক মার্কিন বিমান হামলাই এখন শুরু হয়েছে।