ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির নয়, বরং ইউক্রেনে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের তথ্যানুযায়ী, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠককে ব্যক্তিগত সাফল্য হিসেবে তুলে ধরবেন পুতিন। এরপর তিনি আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন।
জেলেনস্কি জানান, রুশ সেনারা যুদ্ধবিরতির কোনো প্রস্তুতি নিচ্ছে না। বরং তারা বাহিনী পুনর্বিন্যাস করছে। এটি ইউক্রেনে নতুন করে আক্রমণের ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন বলেন, নতুন করে হামলা চালানোর জন্য ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া।
এদিকে জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে ছাড় দেয়া হলেও তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে। তাই তাদের কোনো পুরস্কার বা সুবিধা দেয়া হবেনা।
অন্যদিকে, ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে হতে পারে। যদিও ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরিভাবে নাকচ করেছে।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে নির্ধারিত হবে। দেশটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা চাপিয়ে দেয়া যাবে না।
জেলেনস্কি কার্নিকে বলেছেন, রাশিয়া সময় নিতে চাইছে, যুদ্ধ শেষ করতে নয়। নিজেদের সামরিক প্রস্তুতির জন্যই তাদের সময় দরকার।










