মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যদি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হই, তবে এর অর্থ হবে আমেরিকান গণতন্ত্রের সম্ভাব্য সমাপ্তি বা অবসান।’ স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সময় যতই এগিয়ে চলেছে, বৈশ্বিক পরাশক্তি এ দেশটিতে রাজনৈতিক উত্তাপও বাড়ছে সমানতালে। চার বছর আগের মতো এবারের নির্বাচনেও দেখা মিলবে বাইডেন ও ট্রাম্পের দ্বৈরথ।
জনসভায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় ছিল নির্বাচনী জালিয়াতির ফলাফল।
তিনি ভবিষ্যদ্বাণী করে জানান, তিনি যদি আগামী ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী না হন তবে আমেরিকান গণতন্ত্রের অবসান ঘটবে। ট্রাম্প বলেন, ‘আমরা যদি এই নির্বাচনে না জিততে পারি, আমি মনে করি না যে আপনারা এই দেশে আর কোনো নির্বাচন পাবেন।’
আমদানি করা গাড়ির ওপর শুল্ক বসানো এবং মার্কিন অটো শিল্পের জন্য বিদেশী প্রতিযোগিতার বিষয়ে নিজের বক্তৃতার একটি অংশের মাঝখানে ট্রাম্প ঘোষণা করেন, ‘আমি যদি নির্বাচিত না হই, তবে এটি পুরো দেশের জন্য রক্তগঙ্গা হতে চলেছে।’










