ভারতের তামিলনাড়ুর তেনকাসি জেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩২ জন। ঘটনাস্থলের পরিস্থিতি ও উদ্ধারকাজের কারণে ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। খবর ইন্ডিয়া টুডে।
পুলিশ জানিয়েছে, রোববার ইদাইক্কাল এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ ছিলেন। আহতদের সবাইকে তেনকাসির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে একটি বাসের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে।
পুলিশ জানিয়েছে, একটি বাস মাদুরাই থেকে তেনকাসির দিকে যাচ্ছিল এবং আরেকটি বাস কদাইয়ানাল্লুরের দিকে আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। দুর্ঘটনের কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া তিনি জেলা প্রশাসনকে চিকিৎসাধীন যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।










