ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত তিনটি প্ল্যাটফর্ম ও দেশটির একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগেই তাদের ভূখণ্ডে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট একজন ইরানি সামরিক কমান্ডারও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে আর কোনো তথ্য জানায়নি তারা।
এদিকে একইদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরসেবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়।
প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকার কাছে আঘাত হেনেছে জানা গেছে। এতে সেখানকার বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে এবং এর আশপাশের ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।















