ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের শুরু করা রাজনৈতিক আন্দোলনের জন্য বড় ধরনের নৈতিক ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে এ ঘটনায় দেশটিতে আদৌ কোনো রাজনৈতিক পরিবর্তন হবে কি না, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। খবর আল জাজিরা।

মেক্সিকোতে অবস্থানরত ভেনিজুয়েলার রাজনৈতিক বিশ্লেষক কার্লোস পিনা বলেন, মাদুরোকে সরিয়ে নেয়া হলেও দেশটির ক্ষমতার কাঠামো এখনো সক্রিয়। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এখনো দেশটিতে দায়িত্বে আছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন।

তবে পিনার মতে, মাদুরোকে আটকের বিষয়টি শাভেজের নেতৃত্বে ১৯৯৯ সালে শুরু হওয়া রাজনৈতিক আন্দোলনের জন্য এক ভয়াবহ আঘাত।

এদিকে পশ্চিমা দেশগুলো ও ভেনিজুয়েলার বিরোধী নেতারা দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন কায়েমের অভিযোগ করে আসছেন। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন, তার সরকার ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রকল্প রক্ষা করছে এবং দেশের সার্বভৌমত্ব ও আদর্শগত অবস্থান বজায় রাখার চেষ্টা করছে।

এ প্রেক্ষাপটে মাদুরোর আটক ভেনিজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। একদিকে এটি শাভেজপন্থি আন্দোলনের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা কোন দিকে যাবে, তা এখনো স্পষ্ট নয়।