ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন একজন রিপাবলিকান সিনেটর। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সিনেটর জানিয়েছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
উটাহ অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গ্রেফতার করেছেন, যাতে তাকে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি করা যায়।
তিনি আরো বলেন, আজ রাতে আমরা যে সামরিক কার্যক্রম দেখেছি, তা মূলত গ্রেফতারি পরোয়ানা কার্যকরকারীদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্যই পরিচালিত হয়েছে।
পোস্টে সিনেটর লি উল্লেখ করেন, এ পদক্ষেপ সম্ভবত যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের আওতায় প্রেসিডেন্টের স্বাভাবিক ক্ষমতার মধ্যেই পড়ে, যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের কর্মীদের প্রকৃত বা আসন্ন হামলা থেকে রক্ষা করতে পারেন।
তবে এর আগে শনিবার সকালে একই সিনেটর এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক্সে দেয়া আরেক পোস্টে তিনি লেখেন, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এ পদক্ষেপকে সাংবিধানিকভাবে কীভাবে ন্যায্যতা দেয়া যায়, তা জানার অপেক্ষায় রয়েছি।















