অবরুদ্ধ গাজার খান ইউনিসে ব্যাপক সংঘর্ষে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পড়েছে শহরটির হাসপাতালগুলো। স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) আল-জাজিরা জানিয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে খান ইউনিসের নাসের হাসপাতাল। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েছে শত শত রোগী। এছাড়া শহরটির আরেক হাসপাতালে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আল-জাজিরা জানিয়েছে, খান ইউনিসের আল-আমাল হাসপাতালের আশ্রয়
কেন্দ্র লক্ষ্যবস্তু করে গুলি চালিয়েছে আইডিএফ। এক্ষেত্রে হতাহতের কোন সংখ্যা উল্লেখ
করেনি গণমাধ্যমটি।
অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরের আল-জেনিনা এলাকায় এক বসত বাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন দুই ফিলিস্তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের ওই হামলায় দুই জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো কয়েকজন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ হাজার
৮৩ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন, ৬৪ হাজার ৪৮৭ জন। অন্যদিকে তেল আবিব জানিয়েছে
হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি।










