অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত একদিনে প্রাণ হারিয়েছেন ৯২ ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরো ১৩০ জন। গতকাল রোববার (১৭ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, পুরো গাজা জুড়ে অন্তত নয় স্থানে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এসব গণহত্যায় ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত পাঁচ মাসের বেশি সময়ে গাজা উপত্যকায় আইডিএফের হামলায় মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া শেষ একদিনে ১৩০ জন নিহতের পর এ সংখ্যা ৭৩ হাজার ৬৭৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলি অবরোধের ফলে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছতে পারছে না।

তেল আবিবের দাবি গত ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১ হাজার ২০০ নাগরিক নিহত হয়েছেন। যেখানে দেশটির বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছে বলে দাবি করা হয়েছে। 

জাতিসংঘের তথ্য বলছে, তেল আবিবের হামলায় প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া খাদ্যাভাবে তীব্র ক্ষুধা ও পানিশুন্যতায় রয়েছে প্রায় ৬০ শতাংশ গাজাবাসী। তেল আবিবের অবরোধে বিদ্যুত ও জ্বালানি সংকটে গাজার প্রতিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।