জর্ডান-সিরিয়া সীমান্তে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন তিন মার্কিন সেনা। স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে আরো কয়েক ডজন সেনা আহত হয়েছেন। খবর বিবিসি।
ড্রোন হামলায় সেনা নিহত হওয়ার পর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর দেয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। বাইডেন এ হামলায় ইরান সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, কট্টর ইরান সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত। আমরা অবশ্যই এর পাল্টা জবাব দিব।
গতকাল মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং অন্যান্য কর্মকর্তারা হামলার এ বিষয়টি তাকে অবহিত করলে এ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এঘটনায় হতাহতের কারো নাম প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর।
গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর ওই অঞ্চলে এবারই প্রথম মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে এ হামলা সিরিয়া থেকে করা হয়েছে বলে জানিয়েছে জর্ডান। এ অঞ্চলে এর আগেও মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলা হয়েছে তবে কোনো হতাহতের খবর প্রকাশ করেনি মার্কিন সেনাবহিনী।










