ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তার নিয়োগ চূড়ান্ত করেন।
সংবাদ সংস্থা ইরনা’র খবরে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি এর মধ্য দিয়ে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হচ্ছেন। গত রোববার ইসরায়েলের বিমান হামলায় কাজেমি প্রাণ হারান। ওই হামলায় বিপ্লবী গার্ডসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হাসান মোহাগেক ও মোহসেন বাগেরিও নিহত হন।
এর আগে, গত ১৩ জুন ইসরায়েলের আরেকটি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত হলে মোহাম্মদ পাকপুরকে বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেয়া হয়।
গত শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।















