ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাবিত চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনাতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর কর্তৃক প্রণিত যুদ্ধবিরতির নতুন এ খসড়ার বিস্তারিত কোনো বিবরণী প্রকাশ করেনি মধ্যস্থতাকারী এ দেশগুলো। স্থানীয় সময় বুধবার (৭ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, এর আগে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবিত খসড়া যাচাই-বাছাই করেছে হামাস। যেখানে জিম্মি এবং যুদ্ধবন্দী বিনিময়ের কথা রয়েছে। অন্যদিকে হামাসের রাজি হওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন।

ইসরায়েলের সঙ্গে হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে হামাসের এই প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র কিভাবে দেখছেন সে বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি একটু ওপরের বিষয়। হামাস যেসকল বিষয়কে সামনে রেখে যুদ্ধবিরতির এ প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে তাতে ইসরায়েল সায় দিবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেন তিনি।

হামাসের এক উচ্চ পদস্থ নেতা বিবিসিকে জানিয়েছে, সামগ্রিক বিষয়কে সামনে রেখে আমরা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পেশ করেছি। তবে আমরা তাদের গাজার পুনর্গঠন, বাসিন্দাদের পুনর্বাসনের কিছু সংশোধনী দিয়েছি।

আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর বিষয়ে পর্যালোচনার কথাও রয়েছে হামাসের সংশোধনীতে।

গাজায় যুদ্ধবিরতির এই প্রস্তাবটি এক সপ্তাহ আগে হামাসের কাছে হস্তান্তর করা হয় কিন্তু কিছু বিষয়ে অস্পষ্টতা থাকায় তাৎক্ষণিকভাবে হামাস তাদের প্রতিক্রিয়া জানায়নি।