ভেনিজুয়েলার প্রধান বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দ্রুত দেশে ফেরার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ৫৮ বছর বয়সী এ নেত্রী। খবর রয়টার্স।
সাক্ষাৎকারে মারিয়া করিনা মাচাদো বলেন, আমি যত দ্রুত সম্ভব ভেনিজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির মধ্যেও তারা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তার দাবি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা ৯০ শতাংশের বেশি ভোট পাবেন। তিনি দাবি করেন, গত ১০ অক্টোবর নোবেল জয়ের ঘোষণার পর থেকে ট্রাম্পের সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি।
প্রসঙ্গত, গত অক্টোবরে ছদ্মবেশে দেশ ত্যাগ করেছিলেন তিন সন্তানের জননী এ আইনজীবী। ওই সময় তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হলে তিনি তা ট্রাম্পের প্রতি উৎসর্গ করেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত নির্বাচনের বিষয়ে ভিন্নমত পোষণ করছেন। এনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগে আমাদের দেশটিকে ঠিক করতে হবে। এখন নির্বাচন সম্ভব নয়। মানুষ ভোট দেয়ার মতো অবস্থায় নেই। এমনকি নির্বাচনের জন্য ৩০ দিনের সময়সীমাকেও অবাস্তব বলে মনে করেন তিনি।










