জেনারেশন জেড বা জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় নেপালি সেনাবাহিনী দেশব্যাপী নিষেধাজ্ঞা ও কারফিউ জারি করেছে। খবর দ্য হিমালয়ান।

বুধবার এক বিবৃতিতে সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তর জানায়, আজ স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এরপর বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১১) সকাল ৬টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হবে। নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিবৃতিতে সেনাবাহিনী নাগরিকদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেইসঙ্গে বিক্ষোভ চলাকালে প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজক পক্ষ অনুপ্রবেশ করেছে। তারা অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পদ ধ্বংস, লক্ষ্যভিত্তিক সহিংস আক্রমণ এমনকি যৌন সহিংসতার চেষ্টা পর্যন্ত চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ‘বিক্ষোভের নামে পরিচালিত এ ধরনের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

কারফিউ চলাকালে জরুরি কাজে ব্যবহৃত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, মৃতদেহবাহী গাড়ি, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের গাড়ি—চলাচলের অনুমতি দেয়া হবে। প্রয়োজনে সুবিধার্থে নিকটস্থ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

এছাড়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ জনগণকে ভুয়া তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার এবং শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সেনাবাহিনী সকল নেপালি নাগরিককে জাতীয় অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা বাহিনীকে নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানিয়েছে।