ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিকে লক্ষ্য করে চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি দেশটিতে হামলা চালাতে পাঠানো হয়েছে শতাধিক ড্রোন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা ডিমিত্রি গেনডেলম্যান এক বুলেটিনে এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।

এতে বলা হয়, এখন পর্যন্ত ইরানের চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। দেশটির অন্তত ৩৫ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি। এছাড়া এখন পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, গত পাঁচ দিনে ইরানে ১ হাজার ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে গত শুক্রবার দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে পাল্টা হামলা করে ইরান। এরপর থেকে তেল আবিব ও তেহরান একে অপরের দিকে হামলা অব্যাহত রেখেছে। উভয় পক্ষই তাদের হামলা ও লক্ষ্যবস্তুতে আঘাতের তথ্য দিচ্ছে এবং একই সঙ্গে উভয় পক্ষই সীমিত ক্ষতির কথা বলছে।