প্রায় ২ সপ্তাহ নিষ্ক্রিয় থাকার পর আবার সচল হয়েছে চাঁদে অবস্থান করা জাপানের চন্দ্রযান মুন স্নাইপার। জাপান মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ জানুয়ারি) রাতে তারা চন্দ্রযানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। চাঁদে নামার পরপর সোলার জেনারেটর কাজ না করায় চন্দ্রযান মুন স্নাইপারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল জাপান মহাকাশ গবেষণা সংস্থার। খবর বিবিসি।
গত ২০ জানুয়ারি পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে চন্দ্রাভিযানে সফল হয় জাপান। সেদিন মধ্যরাতে দেশটির চন্দ্রযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ বা মুন স্নাইপার চাঁদের শিওলি কার্টার নামের একটি এলাকায় অবতরণ করে।
তবে চাঁদে নামার পরপরই সোলার জেনারেটর কাজ করা বন্ধ করে দিলে চন্দ্রযানটি বশে কয়েক ঘণ্টা রিজার্ভ ব্যাটারির শক্তিতে চলে। এরপর শক্তি সংগ্রহের জন্য মুন স্নাইপার বন্ধ হয়ে যায়।
চাঁদের মেরু অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোয় অক্সিজেন, পানি ও ধাতব পদার্থের অনুসন্ধানই জাপানের চন্দ্রাভিযানের প্রধান উদ্দেশ্য । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) জাপানের মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে মুন স্নাইপারের তোলা একটি পাথরের ছবি শেয়ার করেছে।
মুন স্নাইপার চাঁদে সফলভাবে অবতরণ করার আগে চাঁদে মহাকাশ যান পাঠানোর বেশ কয়েকটি পূর্ব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল জাপানের। যার মধ্যে একটি ছিল স্টার্ট-আপ আইস্পেস। আইস্পেস মিশনের চন্দ্রযানটি চাঁদের ওপরে এর উচ্চতা সংক্রান্ত বিভ্রান্তির কারণে ক্র্যাশ করেছিল।
তথ্যসূত্র
: বিবিসি










