যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের এবং আরেকজন হেলিকপ্টারটির পাইলট। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামের বরাতে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজনের ওই পরিবারটি মূলত স্পেনের। তারা হেলিকপ্টারটিতে ভ্রমণ করছিলেন।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, মারা যাওয়া সবার পরিচয় পাওয়া গেছে। তবে তাদের স্বজনদের জানানোর আগে তা প্রকাশ করা হবে না। অন্যদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে নিচে আসতে শুরু করে এবং এক সময় তা হাডসন নদীতে আছড়ে পড়ে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পরিবারটিকে নিয়ে ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। নিউ জার্সি উপকূল ধরে জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে ঘুরতেই সেটি নিয়ন্ত্রণ হারায়।

নিউ ইয়র্ক ফায়ার কমিশনার রবার্ট টাকার বলেন, ৩টা ১৭ মিনিটে বিধ্বস্তের খবর আসে এবং সঙ্গে সঙ্গেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই তারা হেলিকপ্টারটির কাছে পৌঁছান। কিন্তু ততক্ষণে চারজন মারা গেছেন। বাকি দুজনকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।