লোহিত সাগরে মার্কিন বাণিজ্য জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বাহিনী। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ওই পণ্যবাহী জাহাজটিতে হামলা চালায় হুথিরা। সংগঠনটির দাবি জাহাজটি লাইবেরিয়ান পতাকাযুক্ত হলেও যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। খবর বিবিসি।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইয়েমেনের
এডেন বন্দরের দক্ষিণে একটি জাহাজে গোলা বিস্ফোরণের খবর জানিয়েছে বৈশ্বিক নৌ প্রতিরক্ষা
ব্যবস্থাপনা পরিচালনা বিষয়ক সংস্থা অ্যামব্রে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজের নাম প্রকাশ
করেনি সংস্থাটি। এছাড়া কোন দেশ জাহাজটি পরিচালনা করছে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেওআই লাইবেরিয়ান পতাকাযুক্ত একটি পণ্যবাহী জাহাজ। এটি পরিচালনা করছে যুক্তরাজ্যের ওসিওনিক্স নামক একটি শিপিং প্রতিষ্ঠান। এর আগে গত ২৭ জানুয়ারি এ প্রতিষ্ঠানের আরেক তেলবাহী জাহাজে হামলার কথাও জানিয়েছে রয়টার্স।
এদিকে, ইয়েমেনের ভূখণ্ডেও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হুথিদের লক্ষ্য করে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস অভিযানের ফলে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
প্রায় এক দশক ধরে ইয়েমেনের সরকারের
বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথিরা। জাতিসংঘ বলছে গত এক দশকের এ গৃহযুদ্ধে
তীব্র মানবিক সংকটে রয়েছে দেশটি।










