ভারতের আসামের হোজাই জেলায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। হাতির সঙ্গে সংঘর্ষে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো যাত্রী আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
রেলওয়ে সূত্রের তথ্যানুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে লামডিং বিভাগের জামুনামুখ–কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে। সাইরং থেকে নয়াদিল্লি যাওয়ার সময় ওই স্থানে রাজধানী এক্সপ্রেস ট্রেনের সামনে হঠাৎ করে হাতির পাল চলে আসে। চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত জরুরি ব্রেক প্রয়োগ করলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সাতটি হাতি মারা যায়। সেইসঙ্গে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
হোজাই জেলার পুলিশ সুপার জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করে। লাইনচ্যুত বগিগুলো আরেকটি ইঞ্জিনের সাহায্যে সরিয়ে নেয়ার পর রাজধানী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ত্যাগ করে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি নিয়মিত হাতি চলাচলের কোনো করিডরের মধ্যে পড়ে না। দুর্ঘটনার পর রেলওয়ের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের সাময়িকভাবে অন্য বগির খালি আসনে স্থানান্তর করা হয়েছে।










