আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নেভা গ্রাসিচ এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসটিএ জানিয়েছে। খবর এপি।

প্রায় ২০ লাখ মানুষের ইউরোপীয় দেশ স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। সে সঙ্গে, দেশটি গাজায় ইসরায়েলি অভিযানের কড়া সমালোচক। নেতানিয়াহুর বিরুদ্ধে এই পদক্ষেপকে তাদের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বলেই ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর পাশাপাশি এর আগেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে স্লোভেনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সরকার। একইসঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও দিয়েছিল দেশটি।

কর্মকর্তা নেভা গ্রাসিক আরো বলেন, স্লোভেনিয়াসহ আন্তর্জাতিক আদালত দ্বারা বাধ্য সকল দেশের উচিত অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ উপস্থিতির ফলে সৃষ্ট পরিস্থিতিকে স্বীকৃতি না দেয়া এবং এই পরিস্থিতি বজায় রাখতে কোনো প্রকার সহায়তা না করা।

স্লোভেনিয়া সরকার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ জানায়, এই সিদ্ধান্ত ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেয় যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালতের রায় এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মানার প্রত্যাশা করে।