ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। কয়েক দিনের টানা বৃষ্টির পর কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছে। সরকার অনুমান করছে, এ বন্যায় পাঁচটি প্রদেশে প্রায় ৩৪ কোটি ৩০ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। খবর আল জাজিরা।
ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ নভেম্বরের পর থেকে বন্যায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে মধ্যাঞ্চলের পাহাড়ি ডাক লাক প্রদেশে। এখানে প্রায় কয়েক হাজার বাড়ি প্লাবিত হয়েছে। পানি নামতে শুরু করলেও এ অঞ্চলের বহু এলাকা এখনো বিচ্ছিন্ন।
স্থানীয় একটি গণমাধ্যমে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে হেলিকপ্টারে করে সাহায্য সামগ্রী পাঠানো হচ্ছে।
বন্যায় ডাক লাকসহ আরো চারটি প্রদেশে ৮০ হাজার হেক্টরের বেশি ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩২ লাখেরও বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে।
প্রধানমন্ত্রী ফাম মিন চিন ডাক লাক প্রদেশের বাসিন্দাদের বাড়ি পুনর্নির্মাণে ও সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে সহায়তার জন্য ৫০০ বিলিয়ন ভিয়েতনামী ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) অনুদানের ঘোষণা দিয়েছেন। এছাড়াও তিনি অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রদেশের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন।










