প্রখর রোদ, ভ্যাপসা গরম আর ঘাম—সব মিলিয়ে গ্রীষ্মকাল আমাদের ত্বকের জন্য বেশ কঠিন একটি সময়। অতিরিক্ত তেলের কারণে ব্রণের সমস্যা, আর্দ্রতা হারিয়ে ত্বক রুক্ষ হয়ে যাওয়া কিংবা কড়া রোদে ট্যান বা পোড়াভাব এ সময়ে সাধারণ সমস্যা। তবে দৈনন্দিন অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আপনার ত্বকের সতেজতা ধরে রাখতে পারে পুরো মৌসুমজুড়ে।

ভারতের আহমেদাবাদের চর্মরোগ বিশেষজ্ঞ সুরভি বালানি সম্প্রতি গ্রীষ্মে ত্বকের সুরক্ষায় আটটি কার্যকর পরামর্শ বা ‘হ্যাকস’ শেয়ার করেছেন। তার মতে, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিনকেয়ার রুটিনেও স্মার্ট পরিবর্তন আনা জরুরি।

গোসলে স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজার

গরমে লোমকূপের গভীরে ময়লা ও তেল জমে শরীর বা পিঠে ব্রণ হওয়ার প্রবণতা বাড়ে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন গোসলের সময় স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ক্লিনজার ব্যবহারের। এটি লোমকূপ গভীরভাবে পরিষ্কার করে শরীরের ব্রণ প্রতিরোধে কাজ করে।

সকালের রুটিনে নিয়াসিনামাইড

সকালের ত্বকের যত্নে নিয়াসিনামাইড (ভিটামিন বি-৩ এর একটি বিশেষ রূপ) সিরাম বা ক্রিম যোগ করা অত্যন্ত জরুরি। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, লালচে ভাব কমায় এবং গরমের মধ্যেও ত্বকের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে।

বডি ওয়াশ হিসেবে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু

শুনতে অবাক লাগলেও, ঘাম ও অতিরিক্ত তাপের কারণে শরীরে যে ব্রণ হয় তা নির্মূলে কাজ করতে পারে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু। এর বিশেষ উপাদানগুলো মাথার ত্বকের পাশাপাশি শরীরের ত্বকের ব্রণের সমস্যাও দূর করে।

বারবার মুখ না ধুয়ে ব্লটিং পেপার

অতিরিক্ত তেল ও ঘাম দূর করতে বারবার মুখ ধোয়ার অভ্যাস ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বা ‘স্কিন ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত করতে পারে। এর বদলে ব্লটিং পেপার ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এটি ত্বকের ক্ষতি না করেই অতিরিক্ত তেল শুষে নেয়।

সাঁতারের পর সিরামাইড লোশন

গরম থেকে বাঁচতে অনেকেই সুইমিং পুলে সময় কাটান। কিন্তু পুলের ক্লোরিনযুক্ত পানি ত্বককে শুষ্ক ও খসখসে করে দেয়। তাই সাঁতার শেষ করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং প্রাকৃতিক সুরক্ষাস্তর মেরামত করতে সিরামাইড-সমৃদ্ধ লোশন ব্যবহার করা অপরিহার্য।

সহজ সুরক্ষায় সানস্ক্রিন স্প্রে

রোদে সুরক্ষা পেতে সানস্ক্রিন বারবার মাখা জরুরি। তবে মুখে মেকআপ থাকলে অনেক সময়ই তা হয়ে উঠে না। এক্ষেত্রে ‘সানস্ক্রিন স্প্রে’ বা ‘মিস্ট’ হতে পারে সেরা সমাধান। এটি মেকআপ নষ্ট না করেই ত্বকে ব্যবহারের উপযোগী এবং বহন করাও সহজ।

বডি ওডোর বা ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণে বেনজয়েল পারক্সাইড

যাদের অতিরিক্ত ঘামের কারণে দুর্গন্ধের সমস্যা রয়েছে তারা গোসলের সময় বেনজয়েল পারক্সাইড সমৃদ্ধ ওয়াশ ব্যবহার করতে পারেন। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের ব্রণ হওয়া রোধ করতে পারে।

ইউপিএফ পোশাকের সুরক্ষা

ত্বকের সুরক্ষায় শুধু সানস্ক্রিনের ওপর নির্ভর না করে আল্ট্রাভায়োলেট প্রটেকশন ফ্যাক্টর (ইউপিএফ) যুক্ত পোশাক পরা হতে পারে একটি কার্যকর সমাধান। হালকা ওজনের জ্যাকেট বা কভার-আপ সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

গ্রীষ্মের প্রতিকূল আবহাওয়ায় ভারতীয় এ বিশেষজ্ঞের সহজ টিপসগুলো আপনার ত্বকের যত্নে যোগ করতে পারে এক নতুন মাত্রা। সঠিক পণ্য নির্বাচন আর সচেতনতাই পারে এ গরমেও আপনার ত্বককে প্রাণবন্ত ও উজ্জ্বল রাখতে।

এনডিটিভি অবলম্বনে