যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার নাম শুনলেই আমরা বুঝি ইনোভেটিভ ডিজাইনের বিদ্যুত্চালিত গাড়ির কথা। সেই সঙ্গে চোখে ভেসে ওঠে টেসলার উদ্যোক্তা ইলোন মাস্কের চেহারা। যার ব্যতিক্রমী স্বপ্নদর্শী চিন্তা পাল্টে দিচ্ছে মোটরগাড়ি ও অন্যান্য প্রযুক্তিকে। দুই দশকে বিশ্ব দেখতে পেয়েছে ইলোন মাস্কের ব্যতিক্রমী উদ্যোগগুলো। মোটরগাড়ি, মহাকাশ কোনোকিছুই বাদ নেই। কেমন হবে, যদি অভিজাত রুচির তরুণরা খবর পান টেসলার তৈরি স্মার্টফোনের কথা? কী কী ফিচার থাকবে সে স্মার্টফোনে?

সম্প্রতি নেদারল্যান্ডসের একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, যিনি সিট্রোয়েন কোম্পানির ইসিভি কনসেপ্ট কার ডিজাইন করার জন্য বিখ্যাত। তিনি জানিয়েছেন, ইলোন মাস্ক টেসলার স্মার্টফোন বাজারে আনলে তা কেমন হবে।&dquote;&dquote;

টেসলা মডেল পি নামের এ স্মার্টফোনের একটি মজার বৈশিষ্ট্য হলো ফোনটি টেসলার গাড়িগুলোর নান্দনিক ডিজাইনের ওপর ভিত্তি করে ডিজাইন করা হচ্ছে, যার রঙ হবে লাল ও চকচকে। যেমনটি টেসলার গাড়িগুলোয় হয়। আরো মজার ব্যাপার হলো ফোনটিতে কার্বন ফাইবারের স্পিকার গ্রিল যুক্ত করা হবে, যার সঙ্গে সাদৃশ্য পাওয়া যাবে টেসলা মডেল এস ও এক্সের ফ্রন্টগ্রিলের সঙ্গে। গতানুগতিক ধারার চারকোনা ডিজাইনের পরিবর্তে এ ফোনের ডিজাইন হবে কিছুটা রাউন্ড শেপের। এ ফোন বাজারে এলে টেসলার যেকোনো গাড়ি ব্যবহারকারীরা গাড়িতে বাড়তি সুবিধা পাবেন।

 

সূত্র: লাক্সারি লঞ্চেস