আগের দিনের বেঁচে যাওয়া ভাত পরের দিন গরম করে খাওয়া হয় অনেক বাড়িতেই। আবার অনেকেই সময় বাঁচানোর জন্য আগের রাতে রান্না করে রেখে দেন ৷ ভাত রান্না করার পর তা সঠিক তাপমাত্রায়, সঠিকভাবে সংরক্ষণ না করলে তার মধ্যে ‘ব্যাসিলাস সেরেয়াস’ নামক ব্যাক্টেরিয়া জন্মায়। এ ব্যাক্টেরিয়ার সংক্রমণে যে রোগ হয়, তা-ই ‘ফ্রাইড রাইস সিনড্রোম’ নামে পরিচিত। যা প্রাণঘাতীও হতে পারে।

বাসি ভাত, ময়দাজাত খাবার, মাছ, মাংস, সস, স্যুপ, আলু ও দুগ্ধজাত খাবার থেকেও হতে পারে ফ্রাইড রাইস সিনড্রোম। পুষ্টিবিদদের মতে, যে ধরনের খাবারে স্টার্চের পরিমাণ বেশি, সে ধরনের খাবারে বাসা বাঁধে ‘ব্যাসিলাস সেরেয়াস’ ব্যাকটেরিয়া।

জার্নাল অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি-তে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী এক কলেজছাত্রের মৃত্যুকে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। ২০০৮ সালে মারা যাওয়া ওই ছাত্র পাঁচ দিন ধরে ফ্রিজের বাইরে রাখা স্প্যাগেটি গরম করে খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। চিকিৎসা গবেষণায় জানা যায়, খাবারটিতে ব্যাসিলাস সেরেয়াস ব্যাকটেরিয়া ছিল।

কেন এই ব্যাকটেরিয়া এত বিপজ্জনক?

ব্যাসিলাস সেরেয়াস খুবই সাধারণ একটি ব্যাকটেরিয়া। খাবারকে ঠিকমতো সংরক্ষণ না করা দ্রুত বংশবিস্তার করে। সেইসঙ্গে সেরিউলাইড নামে একটি শক্তিশালী টক্সিন তৈরি করে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এ টক্সিন তাপ-প্রতিরোধী। অর্থাৎ খাবার আবার গরম করলেও এই বিষ নষ্ট হয় না।

রোগীর শরীরে ব্যাক্টেরিয়া প্রবেশ করার পর গ্যাস্ট্রো-ইনটেস্টাইন ট্র্যাকের ভেতর তা বাসা বেঁধে বিষক্রিয়া শুরু করে। এর ফলে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে অন্ত্রেও। শুরু হয় ডায়রিয়া ও বমি। অতিরিক্ত বমি ও মলত্যাগের কারণে শরীরে ‘ডিহাইড্রেশন’ বা পানিশূন্যতা দেখা দেয়। পানির অভাবে পেটের পেশির দ্রুত সঙ্কোচন-প্রসারণের ফলে যন্ত্রণা হতে শুরু করে। সারা শরীরে ছড়িয়ে পড়ে তীব্র যন্ত্রণা।

তাহলে কি বাসি খাবার একেবারেই বাদ?

বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই—প্রয়োজন সঠিক খাদ্য নিরাপত্তা জ্ঞান। দৈনন্দিন জীবনে মৌলিক খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে চললেই এ ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। সিঙ্গাপুরের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির মতে, ভাতে ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে। রান্নার পর যদি ভাত দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকে, তাহলে সে স্পোর দ্রুত সক্রিয় হয়ে ওঠে। হালকা আঁচে গরম করলেই ঝুঁকি তৈরি হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—

  • খাবার উচ্চ তাপে ভালোভাবে রান্না করে দ্রুত খাওয়া সবচেয়ে নিরাপদ।
  • রান্না করা খাবার এক ঘণ্টার বেশি বাইরে না রাখা।
  • বেচে যাওয়া খাবার দ্রুত ঠাণ্ডা করে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফ্রিজে রাখা।
  • খাবার সব সময় এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা।
  • রান্না করা খাবার ২৪ ঘণ্টার মধ্যে খাওয়া উত্তম।
  • ঠাণ্ডা খাবার খাওয়ার আগে ৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে গরম করা।