সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কী? জনপ্রিয় কমেডি সিরিজ ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’এর চার্লি হার্পারের মতো আপনার দিনটিও যদি শুরু হয় এক মগ ধোঁয়া ওঠা কফিতে, তবে আপনার হাসির উজ্জ্বলতা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ থাকতে পারে। মার্কিন দন্তচিকিৎসক ড. মার্ক বারহেনের মতে, সুন্দর ও মজবুত দাঁত পেতে কফি পানের অভ্যাসে কিছুটা বদল আনা জরুরি। তার পরামর্শ অনুযায়ী, কফি পানের পর নয় বরং কফি পানের আগেই দাঁত ব্রাশ করা জরুরি। কেন এটি গুরুত্বপূর্ণ, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন এই বিশেষজ্ঞ।
কফির পর ব্রাশ করা কেন ক্ষতিকর?
অনেকেই মনে করেন কফি পানের পর ব্রাশ করলে দাঁতে দাগ পড়বে না। কিন্তু ড. মার্কের মতে, এটি দাঁত পরিষ্কার নয় বরং ‘স্যান্ডিং’ বা ঘষে ক্ষয় করার মতো কাজ করে। এর কারণগুলো হলো:
অ্যাসিডের প্রভাব: কফির পিএইচ মাত্রা সাধারণত ৫-এর কাছাকাছি থাকে। এই অম্লীয় পানীয়টি দাঁতের এনামেলের সংস্পর্শে এলে একটি ‘অ্যাসিড সফটনিং রেসপন্স’ তৈরি করে, যা দাঁতের উপরিভাগকে সাময়িকভাবে নরম করে ফেলে।
এনামেল ক্ষয়: নরম হয়ে যাওয়া এই এনামেল আবার আগের মতো শক্ত হতে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে ব্রাশ করলে দাঁতের দাগ দূর হওয়ার বদলে উল্টো দাঁতের খনিজ স্তরগুলো উঠে যায়।
হলদে ভাব: নিয়মিত কফি পানের পরপরই ব্রাশ করলে দাঁতের সুরক্ষা স্তর ক্ষয় হতে থাকে। ফলে দিনে দুবার ব্রাশ করার পরেও দাঁত ক্রমশ হলদেটে হয়ে যায়।
বায়োফিল্ম ও প্রোটিন: রাতে ঘুমের সময় দাঁতের ওপর ব্যাকটেরিয়ার একটি আঠালো স্তর বা ‘বায়োফিল্ম’ তৈরি হয়। কফিতে দুধ মেশানো থাকলে সেই প্রোটিনগুলো বায়োফিল্মের সঙ্গে আরো শক্তভাবে আটকে যায়। তাই আগে ব্রাশ করে এই আঠালো স্তর দূর করা জরুরি।
দাঁত উজ্জ্বল রাখার বিকল্প কৌশল
যদি কফি পানের পর ব্রাশ করার অভ্যাস ছাড়তে না পারেন, তবে দাঁতের ক্ষতি এড়াতে দন্তচিকিৎসক ড. মার্ক একটি কার্যকর রুটিন শেয়ার করেছেন:
এমসিটি অয়েল ব্লেন্ড: ব্রাশের বদলে দাঁত পরিষ্কার রাখতে তিনি ‘এমসিটি’ অয়েল ব্লেন্ড দিয়ে কুলি করার পরামর্শ দেন। এটি যান্ত্রিক ঘর্ষণ ছাড়াই দাঁতের বায়োফিল্মকে পাতলা করে ফেলে, যা অনেকটা লিকুইড টুথব্রাশের মতো কাজ করে।
পানি পান: কফি পানের পাশাপাশি মাঝে মাঝে কয়েক চুমুক পানি পান করুন। এটি অ্যাসিডের তীব্রতা কমিয়ে দেয় এবং এনামেল পুনরায় শক্ত হওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করে।
সময় মেনে ব্রাশ: কফি পানের অন্তত ৩০-৪০ মিনিট পর ব্রাশ করুন। এতে দাঁতের এনামেল সুরক্ষিত থাকে।
বেশিরভাগ মানুষ সাধারণ অভ্যাসবশত কফির পরেই ব্রাশ করেন, যা দীর্ঘমেয়াদে দাঁতের ক্ষতি করে। প্রতিদিনের এই ছোট একটি পরিবর্তন আপনার দাঁতকে ক্ষয় থেকে বাঁচাতে সাহায্য করবে আর হাসিকে রাখবে অমলিন।
এনডিটিভি অবলম্বনে










