দীর্ঘসময় ব্যবহারের জন্য শপিংমল ঘুরে ঘুরে সবচেয়ে টেকসই ব্যাগটাই খোঁজেন নারীরা। আর ভালো ব্র্যান্ডের সেসব ব্যাগ প্রকাশ ঘটায় সুরুচির। লুই ভিতোঁ এমনই এক ব্র্যান্ড, যা বরাবরই নারীর আভিজাত্য ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এসেছে। এবার এ ব্র্যান্ড তাদের অভিজাত পণ্যের ঝুলিতে এনেছে এমনই একটি হ্যান্ডব্যাগ, যা পছন্দ হবে সব রুচিশীল নারীরই।

রোজ দেস ভেন্টস পিএম হ্যান্ডব্যাগটি তৈরি হয়েছে বাছুরের নরম চামড়া দিয়ে। আইভরি, কালো ও কমলা তিনটি রঙে এসেছে এ ব্যাগ। ব্যাগের সঙ্গে সংযুক্ত তালাসহ অন্যান্য হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে সোনালি রঙ। প্রতিদিনের ব্যবহারের জন্য উপযোগী এ ব্যাগের হ্যান্ডেল এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা হাতে ঝুলিয়ে নেয়া যায়। অন্যদিকে এর সঙ্গে রয়েছে একটি স্ট্র্যাপ। যাতে ব্যাগটি প্রয়োজনে কাঁধে ঝুলিয়ে বা ক্রস বডি ব্যাগ হিসেবেও ব্যবহার করা যায়।

রোজ দেস ভেন্টস পিএম হ্যান্ডব্যাগটির দৈর্ঘ্য প্রায় ১১ ইঞ্চি, উচ্চতা ৮ ইঞ্চি ও প্রশস্ত প্রায় ৮ ইঞ্চি। ব্যাগের বাড়তি সংযোজিত স্ট্রাপটি লম্বায় প্রায় ২০ ইঞ্চি। ব্যাগের ভেতরে রয়েছে দুটি চেম্বার, জিপারওয়ালা একটি পকেট। ফলে বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিতে কোনো ঝামেলাই হবে না। এমন একটি ব্যাগ কাঁধে ঝোলাতে চাইলে খরচ হবে ৪ হাজার ডলার।

 

সূত্র: লুই ভিতোঁ