ম্যাকডোনাল্ডসের জনপ্রিয় ফাস্ট ফুড আইটেম চিকেন নাগেট।
ছয় বছরের ম্যাডি সানন্দে এই নাগেট খাচ্ছিল।
তখনই ঘটে বিপত্তি।
তার মা মেয়ের মুখের ভেতর হাত ঢুকিয়ে নাগেট বের করে আনার পর দেখলেন, এর ভেতরে রয়েছে নীল রঙা সার্জিক্যাল ফেস মাস্ক!
বিশ্বখ্যাত ম্যাকডোনাল্ডসের হ্যাম্পশায়ার অ্যাল্ডারশট শাখা থেকে মেয়ের প্রিয় নাগেট নিয়ে বাসায় ফেরেন ৩২ বছর বয়সী লরা আর্বার।
মাস্কসহ নাগেট মুখের ভেতরে গিয়ে শ্বাস বন্ধ হওয়ারও উপক্রম হয়েছিল ছোট্ট ম্যাডির।
আর্বার বলেন, ‘মাস্কটি নাগেটের ভেতর সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল।’
বিবিসিকে মিসেস আর্বার বলেন, ‘তার মুখের ভেতরে আমার হাতটি ঢুকিয়ে দিতে হয়েছে, এতে সে অসুস্থই হয়ে পড়ছিল।
দেখলাম নীল দাগযুক্ত কিছু বেরিয়ে এল।
আমি বুঝে উঠতে পারিনি, এটা কী।
কিন্তু পরে নাগেটসের বক্সের দিকে তাকিয়ে দেখলাম আরেকটির মধ্যেও এমন নীলরঙা কিছু দেখা যাচ্ছে।
এটা ছিল মাস্ক।
এটা একটা ন্যক্কারজনক ঘটনা।
আমি যদি তখন রুমের মধ্যে না থাকতাম, জানি না আমার মেয়ের জীবনে কী ঘটত।’
চার সন্তানের জননী তত্ক্ষণাৎ ম্যাকডোনাল্ডসের ম্যানেজারের কাছে গেলে তিনি বলেন, চিকেন নাগেটটি ওই শাখায় রান্না করা হয়নি এবং ম্যাকডোনাল্ডস ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।
আর্বার জানান, তিনি ও তার কন্যা চিরতরের জন্য ম্যাকডোনাল্ডসে যাওয়া বাদ দিয়ে দেবেন।
অন্য বাবা-মাকে সতর্ক করবেন।
তিনি বলেন, ‘এটা মোটেও নিরাপদ নয়।’
ম্যাকডোনাল্ডস অবশ্য দাবি করছে, ক্রেতার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে তারা সব সময়ই পণ্যের মানের বিষয়ে জোর দিয়ে থাকে।
বিবিসি





