চলমান নভেল করোনাভাইরাস সংকটে বিশ্বব্যাপী লকডাউনে যেখানে রাস্তাগুলো জনমানবশূন্য হয়ে পড়েছে, সেখানে উল্টো চিত্র দেখা গেছে রাশিয়ার রাজধানী মস্কোয়। শহরটিতে মেট্রো স্টেশন এবং রাস্তায় বিশাল ট্রাফিক জ্যাম ও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। ১৫ এপ্রিল থেকে ডিজিটাল পাস ছাড়া ব্যক্তিগত, অফিশিয়াল ও গণপরিবহনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর পাস পরীক্ষা করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

নতুন আইন অনুযায়ী মস্কোর আশপাশে চলাচলে প্রত্যেক গাড়িচালক ও যাত্রীর ডিজিটাল পাস থাকতে হবে, নয়তো তাকে ৬০ ডলার জরিমানা দিতে হবে। ডিজিটাল পাস পরীক্ষা করতে শহরে ঢোকার ১৬০টি হাইওয়ের নিয়ন্ত্রণ নিয়েছিল ট্রাফিক পুলিশ। ডিজিটাল পাস আছে কিনা জানতে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা গাড়ির নম্বর স্ক্যান করে এবং তথ্যগুলো গাড়িচালকের লাইসেন্স ও পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখেন। সব মিলিয়ে একটি গাড়ির পেছনে প্রায় ৩০ সেকেন্ড সময় ব্যয় হয়।

এতেই শহরটির প্রধান সড়কগুলোয় বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হয়। ট্রাফিক জ্যামে আটকে বহু মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হয়। ইমারজেন্সি গাড়িগুলোও এর ব্যতিক্রম ছিল না।

অন্যদিকে মেট্রোর যাত্রীদের ৩০-৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে বাধ্যতামূলক দেড় মিটার শারীরিক দূরত্বের নিয়ম পালন করা হয়নি। পুলিশ কর্মকর্তারা স্টেশনগুলো যাত্রীদের পাস পরীক্ষা করছিলেন। প্রতিটা পাস যাচাই করতে কয়েক মিনিট করে সময় ব্যয় করা হয়। অনেককে আবার মেট্রো ব্যবহার করতে দেয়া হয়নি এবং এর কারণও জানানো হয়নি। কারণ জানাতে গেলে অবশ্য প্রত্যেকের পেছনে আরো কয়েক মিনিট করে সময় লাগত। সব মিলিয়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মতো সেখানে সব রকম পরিবেশই ছিল।

নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত মস্কোতেই মারা গেছেন ১০৬ জন এবং পুরো রাশিয়ায় ১৮১ জন।

প্রাভদা