নভেল করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা চীন হ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি বলছে, চীনের সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গবেষণা দলের ভ্যাকসিন, চিকিৎসা ও পরীক্ষার তথ্য হ্যাক করে হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।
যদিও যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই চীন সরকারের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে, আর সেগুলো অস্বীকার করে আসছে বেইজিং। তবে বর্তমান মহামারী দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে শুরুতেই এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বিরল এক যৌথ সতর্কতা জারি করেছে। সতর্কতায় তারা বলেছে, কভিড-১৯ নিয়ে কাজ করা স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল ও গবেষণা খাতের সবার সচেতন হওয়া উচিত। কারণ তারা হ্যাকারদের প্রধান লক্ষ্যবস্তুতে রয়েছেন। সাইবার-চোররা কভিড-১৯ চিকিৎসাসংক্রান্ত মূলবান বুদ্ধিগত সম্পত্তি এবং জনগণের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।
এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝা লিজিয়ান বলেছেন, আমরা কভিড-১৯ চিকিৎসা ও ভ্যাকসিন গবেষণায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। কোনো প্রমাণ ছাড়াই গুজব ও অপবাদ দিয়ে চীনকে টার্গেট করা অনৈতিক।
গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কথিত সাইবার কার্যক্রম সম্পর্কে বলেন, চীনের সঙ্গে এ আর নতুন কী? আমি চীনের বিষয়ে খুশি নই। উৎস থেকেই ভাইরাসটি থামানো যেত এবং উচিত ছিল। এখন আপনি আমাকে বলছেন তারা হ্যাক করছে। এ আর নতুন কী? আমি খুব কাছ থেকে দেখছি।
বিবিসি





