কভিড-১৯-এর চিকিৎসা করার জন্য উদ্ভিদভিত্তিক ওষুধের ট্রায়াল শুরু করেছে ভারতের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্য দিয়ে ওষুধটি বিশ্বজুড়ে প্রায় চার লাখ মানুষকে হত্যা করা ভাইরাসটির চিকিৎসার কার্যকর ওষুধ খোঁজার দৌড়ে যোগ দিল।
গতকাল শুক্রবার এক মতবিনিময় সভায় জানানো হয়, ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি ভারতের ১২টি কেন্দ্রজুড়ে ২১০ জন রোগীর ওপর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে। আগামী অক্টোবরের মধ্যে ট্রায়ালের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।
সংস্থাটি বলছে, একিউসিএইচ থেরাপিটি প্রাথমিকভাবে ডেঙ্গুর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু পরীক্ষাগারের পরীক্ষায় সেটা ‘বিস্তৃত অ্যান্টিভাইরাল সক্ষমতা দেখিয়েছে’।
প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক থেকে অনুমোদন পাওয়া এটাই প্রথম হারবাল বা ভেষজ ওষুধ। বিশ্বজুড়ে ৬৬ লাখ মানুষকে সংক্রমিত করা এ ভাইরাসটির এখন পর্যন্ত কার্যকর কোনো ভ্যাকসিন বা ওষুধ পাওয়া যায়নি।
এ ঘোষণার পর শুক্রবার সান ফার্মার শেয়ার মুম্বাইয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ। বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ১ দশমিক ৩ হিসাবে এগিয়েছে।
সংস্থাটির চেয়ারম্যান দিলীপ শঙ্ঘভি একটি বিবৃতিতে বলেছেন, পরীক্ষাগারের টেস্ট টিউব এবং ছোট প্রাণী দেহে গবেষণার ফলাফল সান ফার্মাকে এ সম্ভাব্য চিকিৎসার বিকল্পটি মূল্যায়ন করতে আত্মবিশ্বাস জুগিয়েছে। টেস্ট টিউবের কার্যকারিতাটি ইতালির ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আন্তর্জাতিক কেন্দ্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে।
ব্লুমবার্গ





