যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি সংস্থা মডার্নার পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিনটি বৃদ্ধসহ সব বয়সীদের ক্ষেত্রেই নিরাপদ এবং প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি করে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।

বুধবার যুক্তরাষ্ট্রের টিকাদান অনুশীলন সম্পর্কিত উপদেষ্টা কমিটির একটি বৈঠকে মডার্নার সংক্রামক রোগের থেরাপিউটিক এরিয়া প্রধান ডা. জ্যাকলিন মিলার বলেছেন, ভ্যাকসিনটির প্রথম ধাপের সুরক্ষা পরীক্ষায় শুধু হালকা বিরূপ কিছু লক্ষণ দেখা গেছে এবং ১৮ থেকে ৭১ বছর বয়সী স্বেচ্ছাসেবীদের মধ্যে এটা প্রতিরোধক্ষমতা তৈরি করেছে।

ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালটি বয়স অনুযায়ী তিনটি দলের ওপর পরিচালিত হয়েছিল—১৮-৫৫ বছর বয়সী, ৫৬ থেকে ৭০ বছর বয়সী এবং ৭১ বছরের বেশি বয়সী। অংশগ্রহণকারীদের ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনটির ১০০ মিলি গ্রামের দুটি ডোজ দেয়া হয়েছিল।

বৈঠকে ডা. মিলার বলেন, ভ্যাকসিন দেয়ার পর বৃদ্ধসহ সব অংশগ্রহণকারীর মধ্যে ভাইরাসকে নিষ্ক্রিয় করার নিরপেক্ষ অ্যান্টিবডিগুলো শনাক্ত করা হয়েছিল। সব বয়সীদের শরীরে একই ধরনের প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল বলেই মনে হয়েছে। এটা একটি ভালো লক্ষণ। কারণ বয়স্ক ব্যক্তিদের শরীরে ভ্যাকসিনগুলোর প্রতি প্রায়ই দুর্বল প্রতিক্রিয়া দেখা যায়।

ভ্যাকসিনটির সবচেয়ে সাধারণ বিরূপ লক্ষণগুলো ছিল ক্লান্তি, সর্দি, মাথা ব্যথা ও পেশির ব্যথা। দ্বিতীয় ডোজ দেয়ার পর বিরূপ লক্ষণগুলো বেশি লক্ষ করা গেছে, তবে বেশির ভাগ লক্ষণই দুদিনের মধ্যে সেরে গেছে।

জনগণের মধ্যে কীভাবে ভ্যাকসিন ব্যবহার করা উচিত সে বিষয়ে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে পরামর্শ দেয় টিকাদান অনুশীলন সম্পর্কিত উপদেষ্টা কমিটি।

সিএনএন