২৭ ডিসেম্বর প্যারিসের অদূরে একজন রোগীকে নিউমোনিয়ায় শনাক্ত করা হয়েছিল। সে সময় সাধারণ নিউমোনিয়ার রোগে চিকিৎসা দেয়া হলেও এখন এসে ডাক্তাররা জানাচ্ছেন তিনি কভিড-১৯-এ আক্রান্ত ছিলেন।

ড. ওয়াইভেস কোহেন নামের এক ডাক্তার ফরাসি মিডিয়াকে বলেছেন, সে সময় তার কাছ থেকে সংগৃহীত নমুনা সম্প্রতি পরীক্ষা করে দেখা হয়েছে। যেখানে দেখা গেছে সেই ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এদিকে ফ্রান্সের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে যিনি হঠাৎ করেই আলোচনায় এসেছেন, ৪৩ বছর বয়সী সেই ব্যক্তি জানেন না কীভাবে তিনি আক্রান্ত হয়েছেন। এমনকি আক্রান্ত কোনো এলাকায়ও যাওয়া হয়নি তার। তবে শনাক্ত না হয়েও এ মুহূর্তে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা গেছে।

তবে এ তথ্য যদি সঠিক হয় তবে এটা নিশ্চিত যে ফ্রান্সে ভাইরাসের আগমন ঘটেছে এটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত হওয়ার অন্তত এক মাস আগে। ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে তিনজন আক্রান্ত হওয়ার প্রথম খবর আসে ২৪ জানুয়ারি। যাদের দুজন চীনের উহান থেকে এসেছিলেন, যেখান থেকে শুরু হয়েছিল করোনার প্রাদুর্ভাব। এছাড়া আক্রান্ত তৃতীয় ব্যক্তি অন্য দুজনের সংস্পর্শে এসেছিলেন।

জেন-ভার্দিয়ার হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগের প্রধান ড. কোহেন বলেন, সম্প্রতি তিনি ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফ্লুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসাদের ফাইলগুলো পর্যালোচনা করছিলেন। এর মাঝে তিনি ১৪ জনের নমুনা পরীক্ষা করে দেখেন। সেই ১৪ জনের মাঝে একজন করোনা টেস্টে পজিটিভ হন। নিশ্চিত হওয়ার জন্য আবারো টেস্ট করে দেখা হয় এবং প্রতিবারই একই ফল এসেছে।

বিবিসি