বাস্কেটবলে বিশ্বের শীর্ষ লিগ এনবিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া মৌসুমের খেলা পুনরায় শুরু হবে আগামী ৩০ জুলাই। যুক্তরাষ্ট্রের কভিড-১৯-এর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণের মধ্যে না আসায় এনবিএ কর্তৃপক্ষ একটু দেরিতেই লিগটি মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরও থাকবে বাড়তি সতর্কতা। খেলোয়াড়দের হাতে থাকবে ‘স্মার্ট রিং’, যা তাদের স্বাস্থ্যের যাবতীয় তথ্য দেবে, এমনকি করোনাভাইরাসের কোনো উপসর্গ আছে কিনা, তাও জানাবে এই রিং! লিগ কর্তৃপক্ষের কাছে এমনটাই দাবি করেছে রিং প্রস্তুতকারকরা।

যদিও ইলেকট্রনিক এই ডিভাইসটা কতটা ভালো কাজ করবে কিংবা কীভাবেইবা কাজ করবে, সে ব্যাপারে এখনো পর্যাপ্ত তথ্য জানা যায়নি।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, নতুনভাবে নির্মিত এই অরা রিং পরিহিত ব্যক্তির ঘুম, স্পন্দন, গতিবিধি, হূিপণ্ডের কার্যকলাপ ও তাপমাত্রা পর্যবেক্ষণ করবে ও তথ্য দেবে।

কিছু কিছু চিকিৎসক অবশ্য এই যন্ত্রটির সম্ভাব্যতা নিয়ে অতটা আশাবাদী নন। ইউনিভার্সিটি অব টেনেসির ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান ও ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. মারিয়া লং এ রিং নিয়ে বলেন, ‘এ মুহূর্তে এতে খুব বেশি তথ্য নেই। ডিভাইসটির প্রস্তুতকারক কর্তৃক প্রকাশিত বেশ কয়েকটি স্টাডি কিন্তু আমি দেখেছিও।’

আরো কিছু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। ওই সব চিকিৎসক বলেছেন, ডিভাইসটিতে নিখুঁত তথ্য খুব কমই আছে, যা নিয়ে মন্তব্য করা যায়।

প্রায় অর্ধ ডজন পরিধানযোগ্য স্মার্ট রিং নিয়ে গবেষণা করা হয়েছে যে তারা করোনাভাইরাস সংক্রমণের সূক্ষ্ম উপসর্গ শনাক্ত করতে পারে কিনা, অরা রিং তাদেরই একটি। ফিনল্যান্ড-ভিত্তিক এই অরা রিংটি কার্যকর তথ্য দিতে পারে কিনা, তা খতিয়ে দেখতে গবেষণা চলছে সানফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে।

সিএনএন