বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের নভেল করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই বেশি এবং প্রতিনিয়ত সেই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তবে পরিস্থিতি বলছে এই চিত্র সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে। দেশটির আলোচিত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড.  অ্যান্থনি ফউসি ইউএস সিনেটকে বলেছেন, তিনি অবাক হবেন না যদি দেশের প্রতিদিন আক্রান্তের সংখ্যা এক লাখে গিয়ে ঠেকে।

তিনি বলেন, স্পষ্ট বিষয় হচ্ছে আমরা এখন নিয়ন্ত্রণের মাঝে নেই। সতর্কবার্তা দিয়ে তিনি আরো বলেন, যথেষ্ট পরিমাণ আমেরিকান মাস্ক পরছে না এবং সামাজিক দূরত্ব মেনে চলছে না। এর মাঝে গত মঙ্গলবার একদিনে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪০ হাজারে।

মূলত, দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলেই আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যার ফলে অন্তত ১৬টি স্টেটকে তাদের রি-ওপেনিংয়ের পরিকল্পনা হয় স্থগিত করতে হয়েছে অথবা পরিবর্তন করতে হয়েছে। ফউসির মতে ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া কভিড-১৯-এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি