নভেল করোনাভাইরাসে বাসায় বন্দি জীবনযাপন করছে সবাই। এর মধ্যে রয়েছে শিশুরাও। মহামারীর শুরুর দিকে স্কুল বন্ধ হয়ে যাওয়ার লকডাউনের প্রভাব সবার আগে পড়েছে তাদের ওপর। তবে চঞ্চলমতি এ শিশুদের শান্ত রাখতে অভিভাবকদের জন্য সুখবর নিয়ে এসে এসেছে ওয়াল্ট ডিজনি। বিশেষ করে শিশুদের ঘুম পাড়ানোর কাজে অভিভাবকদের সহায়তা করতে চায় তারা। যে কারণে তারা নিয়ে এসেছে ডিজনি বেডটাইম হটলাইন সার্ভিস। যেখানে ঘুমের আগে শিশুদের বেডটাইম ম্যাসেজ শুনাবে মিকি মাউস ও তার বন্ধুরা। যদিও অফারটি কেবল যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য।
ডিজনির পক্ষ থেকে বলা হয়েছে, ঘরের মধ্যে কিছুটা আনন্দ ফিরিয়ে আনতে সীমিত সময়ের জন্য ফের হটলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যেখানে নানা ধরনের বার্তা দেয়া হবে শিশুদের উদ্দেশ্য করে। কে আগে ঘুমাতে পারে, এমন রেসের ঘোষণা দিয়েও উদ্বুদ্ধ করা হতে পারে তাদের।
ম্যাসেজটি শুনতে ডায়াল করতে হবে ১-৮৭৭-৭-মিকি। এখানে সব মিলিয়ে পাঁচটি ম্যাসেজ শোনার ব্যবস্থা রাখা হয়েছে। ডিজনির প্রিয় চরিত্রগুলো শিশুদের এগুলো শোনাবে, যা শিশুদের ঘুমানোর আগের সময়টা আনন্দময় করে তুলবে। যে পাঁচটি চরিত্র ম্যাসেজ পড়ে শুনাবে, সেগুলো হলো মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক, ডেইজি ডাক ও গোফি। যেখানে প্রতিটি চরিত্রের জন্য আলাদা আলাদা নম্বর দেয়া আছে। তবে প্রতি কলে একটির বেশি ম্যাসেজ শোনার সুযোগ নেই। পাশাপাশি অফারটি চলবে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তাই আনন্দ পেতে চাইলে ফোনটি করতে হবে এ সময়ের মধ্যেই।
সিএনএন





