নভেল করোনাভাইরাসের এই চলমান মহামারীকালে বেশকিছু সমস্যা সামনে এসেছে। যেমন কভিড-১৯-এ পজিটিভ হওয়া মা চাইলেই সন্তানকে স্তন্যপান করাতে পারবেন কিনা? এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য সবুজসংকেতই প্রদান করেছে। এক গবেষণার পরিপ্রেক্ষিতে সংস্থাটি অনুরোধ করেছে, করোনা আক্রান্ত নারী কিংবা যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তারা যেন সন্তানদের স্তন্যপান করানো বন্ধ না করেন।
মঙ্গলবার প্রকাশিত এক বৈজ্ঞানিক বার্তা অনুসারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মা-শিশুর স্তন্যপান সংস্পর্শ ও স্তন্যপান করানোর বিষয়টি কেবল শিশুর কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকির আলোকে নয়, বরং বিবেচিত হওয়া উচিত দুধ না খাওয়ানোর সঙ্গে জড়িত অসুস্থতা ও মৃত্যুঝুঁকির দিক থেকেও। এছাড়া শিশুর ক্ষেত্রে প্যাকেটজাত দুধের অনুপযুক্ত ব্যবহার এবং মায়ের সঙ্গে স্পর্শের যে প্রতিরক্ষামূলক প্রভাব তাও বিবেচনা করা দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তারা সংক্রমিত ও সংবেদনশীল মা এবং তাদের শিশুদের নিয়ে একটি গবেষণা চালিয়েছে। যে গবেষণায় ১৫৩ জন মায়ের কেস বিশ্লেষণ করে দেখেছে তারা। যেখানে ৪৬ জন মায়ের বুকের দুধ পরীক্ষা করে দেখা হয়েছে, যাদের সবাই কভিড-১৯ আক্রান্ত ছিল। তবে শিশুদের মাঝে ১৩ জনের পরীক্ষা পজিটিভ ফল আসে। গবেষকরা নিশ্চিতভাবে বলতে পারছেন না কীভাবে এই শিশুরা করোনা আক্রান্ত হলো। এটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বুকের দুধ কিংবা সংস্পর্শে আসা সংক্রমণের উৎস কিনা।
সেই পর্যালোচনায় আরো বলা হয়, শিশুদের কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। সংক্রমিত হলেও তা হয় খুবই মৃদু কিংবা উপসর্গহীন। সেখানে বরং সন্তানকে বুকের দুধ পান না করানো এবং মায়ের থেকে আলাদা রাখার ফলাফল মারাত্মক হতে পারে।
সিএনএন





